খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

সরেজমিন পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

জলাবদ্ধতা নিরসনে রূপসার জাবুসা বিলের বিভিন্ন খালের বাঁধ-নেটপাটা অপসারণ দাবি

রূপসা প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ৩১ জুলাই ২০২৬


রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের গুপিয়া খাল থেকে সৃষ্ট জাবুসা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালের বাধ ও নেটপাটা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকসহ এলাকাবাসী। এদিকে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
জানা গেছে, জাবুসা বিলে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি ও অসংখ্য মৎস্যঘের। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন খালে নেটপাটা ও বাঁধের কারণে প্রতি বছর বর্সার মৌসুম এলেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারণে এখানকার কৃষকেরা সময়মতো বীজতলা তৈরি ও জমিতে ধান চাষ করতে পারে না। চলতি বর্ষা মৌসুমেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পানি জমে থাকায় অনেক জমি অনাবাদি পড়ে থাকার আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে মৎস্যঘেরগুলোর পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় মৎস্যচাষীরাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘেরে অতিরিক্ত পানি জমে থাকায় মৎস্য চাষও ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের উৎপাদন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 
স্থানীয়রা জানান বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল প্রতিশ্র“তি দিয়েছিলেন, জনগণের স্বার্থে রূপসার সব খাল-বিল ও জলাশয় উন্মুক্ত রাখা হবে। সেই প্রতিশ্র“তির বাস্তবায়ন চান এলাকার কৃষকেরা। তারা বিলের খালগুলোর বাঁধ ও নেটপাটা কেটে দিয়ে অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
এদিকে জাবুসা বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিলের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান পথ গুপিয়া খালের স্লুইচ গেট খুলে দিয়ে বিলের পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা দূরীকরণের নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। নারানখালী নদীর সঙ্গে সংযুক্ত এই খালের মাধ্যমে বিলের অতিরিক্ত পানি দ্রুত নদীতে নিষ্কাশনের পথ সচল করা হয়েছে। এতে বিলের পানি কমতে শুরু করেছে। তবে বিভিন্ন খালে আড়াআড়ি বাঁধ ও নেটপাটা অপসারণ না করায় এ উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়ে কৃষকদের মাঝে সংশয় রয়েছে।
এদিকে জাবুসা বিলের জলাবদ্ধতা নিরসনে এমপি আজিজুল বারী হেলালের নির্দেশনায় সরেজমিন পরিদর্শন করেছেন খুলনা জেলা ও রূপসা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা স্থানীয় কৃষক, মৎস্যচাষী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পানি নিষ্কাশনের বাস্তব চিত্র দেখেন। নেতৃবৃন্দ জানান জাবুসা বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্থায়ীভাবে সচল রাখতে গুপিয়া খালের স্লুইচ গেটটির প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি রূপসার অন্যান্য খাল-বিল ও জলাশয়ের পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।
এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দীন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রয়েল, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, ইবাদুল ইসলাম, রাজু শেখ, সুলতানুর রহমান, সাব্বির হোসেন, জিয়া সরদার, সেলিম শেখ, বাবু সরদার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ