খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

ক্ষুব্ধ এলাকার ক্রেতা-বিক্রেতারা

পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় পাইকগাছায় স্যাঁতসেঁতে পরিবেশে বিক্রি হচ্ছে মাংস

পাইকগাছা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ৩১ জুলাই ২০২৬


পাইকগাছা পৌরসভার মাংস বাজার দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশে পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার কারণে বাজারের ভেতরে পানি জমে স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সরেজমিন দেখা গেছে, বাজারের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌরসভার নোংরা পানি সরাসরি মাংস বিক্রির স্থানে প্রবেশ করছে। ফলে জবাই করা মাংসের পাশেই জমে থাকছে আবর্জনাযুক্ত পানি। পুরো এলাকা সবসময় ভেজা ও পিচ্ছিল থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। এমতাবস্থায় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা, যা সরাসরি স্বাস্থ্যবিধির লঙ্ঘন।
এলাকার নিয়মিত ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, মাংসের মতো সংবেদনশীল খাদ্যপণ্য এমন নোংরা জায়গায় বিক্রি হওয়া মেনে নেওয়া যায় না। এখান থেকে মাংস কিনে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তারা দ্রুত বাজারটি সংস্কার করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
ভুক্তভোগী মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের প্রায় ৫০ ফুট রাস্তা ঢালাই করা হলে এই জলাবদ্ধতা ও স্যাঁতসেঁতে ভাব দূর করা সম্ভব হতো। একাধিকবার পৌর কর্তৃপক্ষকে এই সমস্যার কথা জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি ক্রেতারাও বাজারবিমুখ হচ্ছেন।
বাজার কমিটির সদস্যরাও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পৌরসভার বারবার অবহেলার কারণেই আজ বাজারের এই দশা। তারা দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।
এই বিষয়ে জানতে চাইলে পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার জানান, “পৌর প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন পেলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আশা করছি সামনের টেন্ডারে এই কাজটি অন্তর্ভুক্ত করে সমস্যার সমাধান করা যাবে।”
তবে বাজারের এই নাজুক অবস্থা সম্পর্কে বক্তব্য জানতে পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করেন, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুততম সময়ে মাংস বাজারের জলাবদ্ধতা দূর করা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।

প্রিন্ট

আরও সংবাদ