খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩

যাকাত প্রার্থীদের মাঝে যাকাতের অর্থ ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণের চেক বিতরণ

তথ্যবিবরণী |
১২:৪৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নামাজ যেমন ফরজ কাজ, তেমনি সামর্থ্যবানদের যাকাত দেওয়া ফরজ। নিয়ম অনুযায়ী যাকাত প্রদান করলে সমাজ থেকে দারিদ্রতার হার কমে যাবে। তিনি শুক্রবার বিকালে যশোর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে সরকারি যাকাত বোর্ড কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও জেলা পর্যায়ে নির্বাচিত যাকাত প্রার্থীদের মাঝে যাকাতের অর্থ, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের মাঝে চেক বিতরণ ও প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান ও  জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু। স্বাগত বক্তৃতা করেন যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কেন্দ্রীয়ভাবে অনুমোদিত ও জেলা পর্যায়ে নির্বাচিত ২০৯ জন যাকাত প্রার্থীদের মাঝে ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকার চেক এবং তিনজন উদ্যোক্তা, তিনজন সাধারণ উদ্যোক্তা ও তিনজন বিশেষ উদ্যোক্তার মাঝে দুই লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির ৪০ জন সদস্যদের মাঝে ৪০ হাজার টাকা বিতরণ করেন। যশোর জেলার আটটি উপজেলার ৮৮ জন ইমাম ও মুয়াজ্জিনের বিকাশে পাঁচ হাজার টাকা করে মোট চার লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ