খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পানে’ স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


হবিগঞ্জের লাখাই উপজেলায় ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয়। লাখাই থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। এছাড়াও মৃত্যু হওয়া অন্যান্যরা হলেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে হোমিওপ্যাথিক অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তারা বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যু হয় তাদের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সুজিতের। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেওয়ার পথে। এছাড়াও নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যায় নিজ গ্রামেই।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশকে না জানিয়েই মরদেহগুলো দাহ করেছে। এর মধ্যে সুদেব দাস (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, মদের উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ আমিনুল হক সরকার বলেন, ময়নাতদন্তে বেরিয়ে আসবে মৃত্যুর সঠিক কারণ। রিপোর্ট পেলেই বোঝা যাবে কীভাবে মারা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ