খুলনা | শনিবার | ০১ অগাস্ট ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩

জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:১৪ এ.এম | ০১ অগাস্ট ২০২৬


আইন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলো ‘জুলাই সনদের’ আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে বাকি যেগুলো আছে, সেগুলো সংশোধনের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে, যে সংশোধনগুলো করার দরকার, আমরা সেগুলো করব।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনগত যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো। তিনি দেশে আসলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার আইন, আদালত, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। এখন যথাযথভাবে আইনগতভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের পর্যটন খাতের উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি এনসিপির বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভ‚ত’ বলে অভিহিত করেন।
রাশেদ খান বলেন, ‘আমরা এনসিপিকে পরামর্শ দেব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে তারা দেশের যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাক না কেন, বিএনপি তাদের সার্বিক সহযোগিতা করবে।’
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

প্রিন্ট

আরও সংবাদ