খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তানে তুষার ধসে প্রাণ গেল বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জনের

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ০২ অগাস্ট ২০২৬


পাকিস্তানের স্কারদো-তে অবস্থিত ব্রড পিক পাহাড়ে তুষার ধসের কবলে পড়ে মারা গেছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ তার দলের আরও নয় সদস্য।  বৃহস্পতিবার বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ এই পাহাড়ে ওঠার সময় তারা নিখোঁজ হয়েছিলেন। শনিবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নির্মল পুরজার অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এলিট এক্সপেড’।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে এলাকায় অভিযান পরিচালনা করেন এবং ড্রোন ফুটেজে মরদেহ দেখতে পাওয়ার পাশাপাশি ইতোমধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
৪২ বছর বয়সি নির্মল পুরজা এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড় সবচেয়ে কম সময়ে জয় করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এই গুর্খা সেনার কীর্তি নিয়ে ২০২১ সালে নেটফ্লিক্সে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইমপসিবল’ নামে একটি জনপ্রিয় ডকুমেন্টারিও মুক্তি পেয়েছিল।
বৃহস্পতিবার দলটির সদস্যরা ব্রড পিক পর্বতের প্রায় ৬,৬০০ মিটার উঁচুতে ওঠার সময় হঠাৎ এই শক্তিশালী তুষার ধসের মুখে পড়েন। তাদের ট্র্যাকিং ডিভাইসের তথ্য অনুযায়ী, ধসের ধাক্কায় তারা পাহাড়ের ঢাল বেয়ে শত শত মিটার নিচে ছিটকে পড়েন।
দুর্ঘটনার মাত্র কিছুদিন আগেই নির্মল পুরজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে তিনি ছাড়া অক্সিজেনে দ্বিতীয়বারের মতো বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত জয় করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ব্রড পিক বিশ্বের অন্যতম কঠিন ও ঝুঁকিপূর্ণ একটি পাহাড় হিসেবে পরিচিত। 
সূত্র: জিও নিউজ।

প্রিন্ট

আরও সংবাদ