খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

এবার গাজার চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালাল ইসরায়েল

খবর প্রতিবেদন |
০৪:৪৭ পি.এম | ০২ অগাস্ট ২০২৬

 

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালের কাছে চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালের জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বহু রোগীর স্বাস্থ্য ও নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, আল-আকসা শহীদ হাসপাতাল সাম্প্রতিক মাসগুলোতে মধ্য গাজার বাসিন্দা এবং বাস্তুচ্যুত হাজারো মানুষের জন্য অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে কাজ করে আসছে। হাসপাতালটি সীমিত সম্পদ নিয়েও জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

যদিও নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি হাসপাতাল রয়েছে, তবে সেটি আকার ও সক্ষমতার দিক থেকে আল-আকসা হাসপাতালের তুলনায় অনেক ছোট। ফলে বৃহৎ পরিসরে রোগী ভর্তি ও চিকিৎসা দেওয়ার সক্ষমতা মূলত আল-আকসা হাসপাতালের ওপরই নির্ভরশীল।

স্বাস্থ্যসেবার ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই চিকিৎসা সরঞ্জামের গুদামে এই হামলা হাসপাতালের কার্যক্রমকে আরও সংকটের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের মতো আল-আকসা শহীদ হাসপাতালও দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা

প্রিন্ট

আরও সংবাদ