খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩

উত্তরের প্রশাসক শফিকুল ও সংসদ সদস্য জাহাঙ্গীরের পরিদর্শনের সময় হামলা

খবর প্রতিবেদন |
০১:৫৯ এ.এম | ০৩ অগাস্ট ২০২৬


রাজধানী ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় আবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে উত্তরখানের রাজাবাড়ি এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা নিয়ে রোববার বিকেলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির ‘সন্ত্রাসী’রা অতর্কিত হামলা করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন হামলা চালান। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হামলার ঘটনাস্থল পরিদর্শনে শফিকুল ইসলাম খান, এস এম জাহাঙ্গীর হোসেন, থানার ওসি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। সে সময় সংশ্লিষ্টদের কাছে ঘটনার জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করা হয়। তখন ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেফতার করে।
ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় অভিযুক্ত নেপচুন অ্যাকসেসরিজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ