খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

খবর প্রতিবেদন |
০২:৩৮ পি.এম | ০৩ অগাস্ট ২০২৬

 

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের সময় তারা সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পুরিয়া সাফুত। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, তারা মোসাদের কর্মকর্তা এবং মোসাদ-সংশ্লিষ্ট বিভিন্ন যোগাযোগমাধ্যমে সামরিক স্থাপনা, পুলিশ ও নিরাপত্তা কেন্দ্রের অবস্থান, ছবি এবং অন্যান্য তথ্য পাঠিয়েছিলেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ‘১২ দিনের যুদ্ধ’ এবং ‘রমজান যুদ্ধ’-এর সময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইসরায়েল বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে সক্ষম হয় বলে দাবি করেছে ইরান।

ইরানি কর্তৃপক্ষ জানায়, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের অনুমোদন ও ক্ষমার আবেদন খারিজ হয়ে গেলে সোমবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফার্সের দাবি, ওমিদ বেহজাদের মোবাইল ফোনের কারিগরি বিশ্লেষণে দেখা গেছে, তিনি বারবার সামরিক, পুলিশ ও নিরাপত্তা স্থাপনার অবস্থান এবং ভৌগোলিক স্থানাঙ্ক মোসাদ-সংশ্লিষ্ট চ্যানেলে পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি গুগল ম্যাপসসহ মানচিত্রভিত্তিক অ্যাপ ব্যবহার করে বিভিন্ন স্থানের অবস্থান শনাক্ত করার কথা স্বীকার করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে পুরিয়া সাফুতের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান একটি বিদেশভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কে পাঠিয়েছিলেন, যা ইরানের দাবি অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হতো। তদন্তের সময় তার পাঠানো ছবি ও ভিডিও গোয়েন্দা ও প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ