খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

খবর প্রতিবেদন |
০৫:০৯ পি.এম | ০৩ অগাস্ট ২০২৬

 

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ।  

সোমবার (৩ আগস্ট) নিজ কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

শেখ হাসিনা অনেক অপরাধেই অপরাধী উল্লেখ করে সাংবাদিকদের কাছে শামা ওবায়েদ প্রশ্ন রাখেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার বক্তব্য থামাতে, কার কাছে আপত্তি জানাবো?’

বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত-চীন সব দেশেরই বিনিয়োগ চায় বাংলাদেশ।’

মুসলিম দেশগুলোর সঙ্গে অতীত থেকেই ভালো সম্পর্ক জানিয়ে তিনি আরও বলেন, ‘সৌদি জোটের ভবিষ্যৎ কী হবে, তা এখনো নিশ্চিত নয়। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্পর্ক বাংলাদেশের মানুষের স্বার্থে হলেই আগাবো। নয়তো পুনর্বিবেচনা করা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এটি ইন্দো-প্যাসিফিকের অংশ।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ রক্ষা করে হলে তার ধারাবাহিকতা থাকবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন।

প্রিন্ট

আরও সংবাদ