খুলনা | সোমবার | ০৩ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

জামিন পেলেন জাহের আলভী, মুক্তিতে বাধা নেই

খবর বিনোদন |
০৬:০৩ পি.এম | ০৩ অগাস্ট ২০২৬


স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই।

রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার (৩ আগস্ট) সংশ্লিষ্ট কোর্টের একটি সূত্র জাহের আলভীর জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ৩০ জুন স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে, মামলার তদন্তের স্বার্থে গত ২১ জুন সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ওই আবেদনের শুনানি শেষে ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ