খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

২৩ দিনে ৭৭ লক্ষাধিক টাকার চারা বিক্রি

ফলজ, বনজ, ভেষজ উদ্ভিদসহ ফুলে ফলে সমৃদ্ধ খুলনা বৃক্ষমেলা

আল মাহমুদ প্রিন্স |
০২:১২ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


ফলজ, বনজ, ভেষজ উদ্ভিদসহ ফুলে-ফলে সমৃদ্ধ হয়ে উঠেছে খুলনা সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী বৃক্ষমেলা। মেলার প্রত্যেকটি স্টলে চাহিদার তুলনায় বিভিন্ন প্রজাতির চারা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা পছন্দের চারা কিনছেন। ব্যস্ত সময় পার করছেন স্টল মালিকেরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরব বৃক্ষমেলা প্রাঙ্গণ। এ পর্যন্ত (২৩ দিন) বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ফুলসহ ও অন্যান্য গাছের চারা বিক্রি হয়েছে ৫৩ হাজার ৯১৯টি। যার মূল্য ৭৭ লাখ ৪১ হাজার ৫৭০টাকা।   
সরেজমিনে জানা গেছে, প্রতিদিনের তুলনায় গতকাল সোমবার সাপ্তাহিক ছুটির দিন না হলেও স্টলগুলোতে ছিলো অনেক ভীড়। বিকেল থেকে মেলায় সকল বয়সি নারী-পুরুষ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সরব উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।   সকল শ্রেণি-পেশার মানুষ মেলার স্টলগুলোতে ঘুরতে থাকে। নারীদের উপস্থিতি তুলনামূলক অনেক বেশি। জরিপে রেরিয়ে এসেছে এমন তথ্য।   
গেল বছরের তুলনায় এবছর দুইটি স্টল বেশি হয়েছে। নার্সারী মালিকেরা স্টলগুলো বরাদ্দ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। মেলাকে প্রাণবন্ত করে তুলেছেন স্টল মালিকেরা। নার্সারী মালিকরা তাদের নার্সারী থেকে ফলজ, বনজ, ভেষজ, ঔষুধি, শোভা বর্ধনকারী চারা এনে সাজিয়ে রেখেছেন তাদের স্টলগুলো। মেলায় সরকারি ১০টি ও বেসরকারি ৫২টি মিলে মোট ৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেকটি স্টল যেন সেজেছে অপরূপ সাজে। 
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলায় কাঙ্খিত বেচাকেনা হচ্ছে এমনটা বলছেন অধিকাংশ স্টল মালিক। স্টলগুলোতে ফলজ, বনজ, ফুল, ভেষজসহ কমতি নেই কোনো চারা গাছের। 
বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে করছল ফল গাছ, পার্সিমন গাছ, স্টোবেরি পেয়ারা, শে^ত চন্দন, কাটা মুকুল, লাকি বাম্বু গাছ, কাট গোলাপ, বিভিন্ন প্রজাতির চেরি, ম্যানেলা চেরি, লুুবি রংগার, গোল্ডেন হুক ক্যাকটাস, থাই কদবেল, বাহারী রঙের ফুলের চারাসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধনকারী গাছের চারা।রূপালী নার্সারির আল-আমিন খান বলেন, তার স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধির গাছের চারা রয়েছে। নাজিফা নার্সারি স্টল মালিক সাকিবুল হাসান বলেন, তার স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। প্রতিদিন ক্রেতাদের উপস্থিতি যেমন বাড়ছে বেচাকেনাও ভালো হচ্ছে। নিজাম নার্সারি স্টল মালিক মোঃ নিজাম শেখ, ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। গাছের চারাও বেশ ভালো বিক্রি হচ্ছে। নয়নতারা নার্সারী স্টল মালিক আলতাফ হোসেন বলেন, বেচাকেনার অবস্থা ভালো। 
মেলায় রয়েছে ব্যতিক্রমধর্মী ম্যানগ্রোভ নার্সারী নামে একটি স্টল। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ তদারকি করছেন সার্বক্ষণিক।  
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং পশ্চিম বন বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন মেলা চলাকালিন সময়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন মেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বশীল ব্যক্তিরা। মেলা সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান করছেন দায়িত্বশীলরা।  
মেলায় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, বেচাকেনা বাড়ছে। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। তিনি বলেন, গত ২ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৯১৯টি গাছের চারা বিক্রি হয়েছে। যার মূল্য দাঁড়িয়েছে ৭৭ লাখ ৪১ হাজার ৫৭০ টাকা।  

প্রিন্ট

আরও সংবাদ