খুলনা | মঙ্গলবার | ০৪ অগাস্ট ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩

তৃণমূল বিএনপি’র মুখোমুখি সংসদ সদস্য ফাহমিদা হক

পাইকগাছা-কয়রাকে অত্যাধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ০৪ অগাস্ট ২০২৬


উপকূলীয় অঞ্চল পাইকগাছা ও কয়রাকে সব ধরনের আধুনিক সুবিধাসহ বাসযোগ্য উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (দায়িত্বপ্রাপ্ত খুলনা-২ ও ৬ আসন) ফাহমিদা হক। সোমবার বিকেল ৪টায় পাইকগাছাস্থ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটোরিয়ামে আয়োজিত রাজনৈতিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপি’র যৌথ আয়োজিত এ সভায় সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, সুবিধাবঞ্চিত এই উপকূলীয় অঞ্চলের জনগণের জন্য ইতিমধ্যে টেকসই ভেড়িবাঁধ নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে, যা বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়াধীন। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা একটি অত্যাধুনিক অঞ্চল গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছর দেশজুড়ে লুটপাট, গুম ও খুনের মধ্য দিয়ে অত্যন্ত খারাপ সময় অতিবাহিত হয়েছে। ফ্যাসিস্টদের পতনের পর বিএনপি’র চেয়ারম্যান তথা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাসযোগ্য ও  বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। নির্বাচনের সময় আমরা মাদক, দুর্নীতি ও অনিয়ম দূর করার যে ওয়াদা করেছিলাম, তার ধারাবাহিক কার্যক্রম এখন দেশজুড়ে দৃশ্যমান।
ইমাম-মুয়াজ্জিনদের অধিকার মূল্যায়নে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিগত ৫০ বছরেও যা কেউ করেনি, এই জনকল্যাণমুখী সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় বেতন-ভাতার ব্যবস্থা করেছে। সরকারের এই উন্নয়ন ও কল্যাণমুখী বার্তাগুলো প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অপরাধ ও মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ফাহমিদা হক বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। জনবান্ধব সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানা পাঁয়তারা করছে, তাদের প্রতিহত করে আইনের আওতায় আনতে হবে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের ক্ষেত্রে শুধু চুনোপুঁটিদের ধরলেই হবে না, এর পেছনে থাকা মূল হোতা ও গডফাদারদের আইনের আওতায় আনতে হবে এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
সভায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি চিহ্নিত চক্র সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়িয়ে এসব উন্নয়নমুখী পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ দেন।
সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। তিনি অবৈধ দখলদারদের সতর্ক করে বলেন, যারা সরকারি খাল ও সম্পত্তি অবৈধভাবে বেদখল করে রেখেছেন, তারা অনতি বিলম্বে সেগুলো ছেড়ে দিন। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে একে একে সব খাল খননের আওতায় আনতে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ শুরু হয়েছে। অপরাধের সাথে জড়িত ব্যক্তি আমার দলের হলেও কোনো ছাড় পাবে না। এই অঞ্চলকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে, যার কিছু নমুনা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন।
পাইকগাছা উপজেলা বিএনপি’র আহŸায়ক ড. আব্দুল মজিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম-আহŸায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান।
মতবিনিময় সভায় পাইকগাছা ও কয়রা এলাকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ করা হয়। 
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (দায়িত্বপ্রাপ্ত খুলনা-২ ও ৬ আসন) ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ