খুলনা | শনিবার | ০৮ অগাস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৮ পি.এম | ০৪ অগাস্ট ২০২৬

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর হয়ে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির কর্মকর্তারা। স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ এবং ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীরও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলসহ সাতজন সোমবার গভীর রাতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে রুবেলের বাঁ পায়ের নিচে গুলি লাগে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে আহত রুবেলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

প্রিন্ট

আরও সংবাদ