খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না: জামায়াত আমির

খবর প্রতিবেদন |
০৩:২৩ পি.এম | ০৪ অগাস্ট ২০২৬


জুলাই আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে কোনো ধরনের দমন-পীড়ন চালানো থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের ওপর নির্যাতন হলে সেটি হবে চরম নিমকহারামি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলো কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটা রক্তও ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমকহারামি।

তিনি বলেন, আহতদের মধ্যে অনেকেই এখনো বিদেশে চিকিৎসাধীন। সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে গিয়ে এমন রোগীদের দেখেছেন, যাদের কেউ কেউ আর কোনো দিন স্বাভাবিকভাবে বসতে বা চলাফেরা করতে পারবেন না বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনে যার যেখানে অবদান রয়েছে, তা যেন আড়াল না হয়। আপনার-আমার পছন্দ হোক বা না হোক, যার যে অবদান, তা ইতিহাসের পাতায় উঠে আসা উচিত। স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি হয়নি। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো সঠিক তালিকা নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের ঘটনাপ্রবাহও যথাযথভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধ করা উচিত।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যে জামায়াতে ইসলামী প্রস্তুত। তবে জনগণের অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতা করা হবে না এবং কোনো আধিপত্যবাদের কাছে দল মাথা নত করবে না।

প্রিন্ট

আরও সংবাদ