খুলনা | শনিবার | ০৮ অগাস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার ব্লিস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের নিরাপদে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০৩:৪২ পি.এম | ০৪ অগাস্ট ২০২৬

 

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে হাসপাতালটির নিচতলায় অবস্থিত অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণাগার এলাকায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের একে একে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং ভবনে আটকে থাকা ব্যক্তিদের বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতক্ষীরা স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানে হাসপাতালের সব রোগী ও আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন। ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ