খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীর ওপর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। 
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নগরীর তেঁতুলতলা মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সামনেও একই দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর কানাই লাল সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজে বাধা সৃষ্টি এবং নিরাপত্তা প্রহরীর ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। এ ঘটনার মাধ্যমে শুধু একজন নিরাপত্তাকর্মীই নন, পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আতঙ্কিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এর আগে গত সোমবার দুপুরে লবণচরা থানার খোলাবাড়িয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে মুখোশধারী একদল দুর্বৃত্ত প্রবেশ করে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মিলন করালীকে মারধর করে। একপর্যায়ে হামলাকারীদের একজন তাকে লক্ষ্য করে গুলিও বর্ষণ করে। তবে গুলিটি তার শরীরে লাগেনি। পরে আহত নিরাপত্তা প্রহরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ রেজাউল আলম বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মোঃ তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার, সৈয়দ মোঃ ওবাইদুল্লাহসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ