খুলনা | বুধবার | ০৫ অগাস্ট ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩

ধর্ষণ হলে ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে : রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:৩৫ এ.এম | ০৫ অগাস্ট ২০২৬


খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। যদি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস দমন, অনলাইন জুয়া, চোরাচালান ও হানিট্রাপ, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ধর্ষণ হলে ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে। ১৫ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট প্রদান করতে হবে। সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না বলে হুঁশিয়ারী দেন রেঞ্জ ডিআইজি।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারেরর কার্যালয়ে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান আরও বলেন, জনগন যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য যা যা করা প্রয়োজন সবই পুলিশ করবে। সেই সাথে সাংবাদিকরা যাবে পেশাগত তথ্য খুব সহজে পেতে পারে সেজন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন এই কর্মকর্তা।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আবু রাসেল, সহকারি পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় নতুন পুলিশ লাইন্স-এ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গাছের চারা রোপন করেন তিনি। 
বিকেলে পুলিশ লাইন্স মাঠে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা পুলিশ সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় জেলা পুলিশ একাদশ ৩-২ গোলে বাগেরহাট প্রেসক্লাব একাদশকে পরাজিত করে। খেলা শেষে সন্ধ্যায় খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশ সুপারসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ