খুলনা | বৃহস্পতিবার | ০৬ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

খবর প্রতিবেদন |
০২:০৫ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ সময় তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, তানভীরকে গ্রেপ্তারের খবরে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নেন। গাজী সালাউদ্দিন তানভীরকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ করেন তারা।

ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেছেন, প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান। তাকে নিয়ে তানভীরসহ বেশ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা দ্রুত গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

পুলিশের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়। গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান বাদী। ওই পোস্টে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেছেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।

প্রিন্ট

আরও সংবাদ