খুলনা | বৃহস্পতিবার | ০৬ অগাস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩

জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৩:৫৬ পি.এম | ০৫ অগাস্ট ২০২৬


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই এইভাবে সংগঠিত করা সম্ভব হত না। কারণ যারা দেশে ছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছিল।

গণভোটের গণরায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে আসুন একসাথে বসি। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে।

জুলাইয়ের চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘৭১ এর চেতনা বিক্রি করতে করতে দিল্লি যেতে হয়েছে শেখ হাসিনাকে। জুলাই নিয়ে কৃতিত্ব নেবার জন্য এমন কিছু যেন না করা হয়, জুলাই সবার। জুলাই আন্দোলন ৩৬ দিনে হয় নাই। এর শুরু হয়েছিল ২০০৯ সালে।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়ার জন্য সব রাজনৈতিক দল প্রতিযোগিতায় নেমেছে মন্তব্য করে তিনি বলেন, আর বিএনপি ও তার সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে এসেছে।  

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে, গণহত্যার জন্য যে দল দায়ী তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ প্রশ্নে এক, ফ‍্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এক। আমরা সংসদের ভেতরে বাইরে বাহাস করব, তর্ক করব কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।

এসময় সবার সাথে কথা বলে মতামত নিয়ে সরকার সংবিধানে এমন সংশোধন আনতে চায় যে সংবিধান দীর্ঘমেয়াদি হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রিন্ট

আরও সংবাদ