খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি জনতার সহায়তায় আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:০৯ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


সাতক্ষীরার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশি হেফাজতে নেওয়ার সময় হ্যান্ডকাপ পরা অবস্থায় গাড়ি থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে আটক করে স্থানীয় জনতা ফের পুলিশে সোপাদ করেছে। বুধবার বেলা ১টার দিকে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আসামি মোঃ আজমাইন (২৬) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম গাজীর ছেলে। 
পুলিশ জানায়, আজনাইন আশাশুনি থানার একটি নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বেলা একটার দিকে আসামিকে কারাগারে প্রেরণের জন্য সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। এ সময় সুযোগ বুঝে তিনি হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে। 
পরে সাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার এলাকা থেকে ছাত্রনেতা রায়হানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ওই আসামিকে আটক করা হয়। তারা আসামিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সন্ধ্যার দিকে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ