খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

খুবিতে ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ ফরহাদ হালিম ডোনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেডআরএফের নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ ফরহাদ হালিম ডোনার এবং কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আগামী ২৫ নভেম্বর বিশ^বিদ্যালয় দিবস উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন এবং অল্প সময়ের মধ্যে সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রহী। এ দু’টি অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে তিনি অতিথিবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিথিবৃন্দ শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনের প্রশংসা করেন। তাঁরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রিন্ট

আরও সংবাদ