খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৮ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১২ কেজি ওজনের ‘কুশ’ (Kush) নামের নতুন ধরনের মাদক জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে এই নতুন ধরনের মাদক জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোনসহ তারিকুজ্জামান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি সদস্যরা।  উদ্ধার হওয়া মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা। আটক মাদক কারবার মোঃ তারিকুজ্জামান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাড়াগাছি গ্রামের মোঃ অহিদুজ্জামানের ছেলে। 
বিজিবি সূত্র জানায়, ‘কুশ’ নামের নতুন ধরনের মাদক নিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজার এলাকায় যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল  মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঝাউডাঙ্গাগামী সন্দেহভাজন এক ব্যক্তির মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে চালকের কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দ করা ১২ কেজি ‘কুশ’ মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা এবং দু’টি মোবাইল ফোনের মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এর সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারেও এটি সিনথেটিক মাদক হিসেবে তৈরি ও বাজারজাত করা হচ্ছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা। 

প্রিন্ট

আরও সংবাদ