খুলনা | শুক্রবার | ০৭ অগাস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩

২৬ দিনে প্রায় ৮৮ লাখ টাকা চারা বিক্রি

বৃক্ষমেলায় বাড়ছে দর্শনার্থী, দৃষ্টি কেড়েছে ফোর সিজন লংগান

আল মাহমুদ প্রিন্স |
০২:২১ এ.এম | ০৭ অগাস্ট ২০২৬


শেষ মুহূর্তে খুলনা সার্কিট হাউস মাঠে জমে উঠেছে মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের এবার নজর কেড়েছে ফোর সিজন লংগান বা বারোমাসি লিচু। এ গাছ দেখার জন্য মেলায় গোলাপ কানন নার্সারী স্টলে এসে ভীড় জমায় দর্শনার্থীরা। এদিকে গত ৫ আগস্ট পর্যন্ত ৬১ হাজার ১০৭টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ৮৭ লাখ ৭২ হাজার ১৯০ টাকা।
সরেজমিন ও অনুসন্ধানে জানা গেছে, ফোর সিজন লংগান (Four Season Longan) বা বারোমাসি লংগান হলো লিচু ও রামবুটান পরিবারের অন্তর্ভুক্ত ড্রাগন আই বা লংগান ফলের একটি বিশেষ উন্নত জাত। ফোর সিজন বা বারোমাসি লংগান মূলত থাইল্যান্ডে উদ্ভাবিত ও চাষ শুরু হওয়া লংগানের একটি বিশেষ উন্নত জাত। এটি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন অঞ্চলের প্রাচীন লংগান ফলের বিবর্তিত ও আধুনিক একটি জাত, যা থাইল্যান্ড ও ভিয়েতনামে সারা বছর ফলদানের উপযোগী করে ব্যাপক চাষ করা হয়। সাধারণ লংগান বছরের একটি নির্দিষ্ট সময়ে ফল দিলেও এ জাতটি উপযুক্ত পরিচর্যা পেলে বছর জুড়ে বা একাধিকবার ফল দিয়ে থাকে। সাধারণ ভাষায় লিচু জাতীয় বা আশফল জাতীয় ফল হিসেবে সবার কাছে পরিচিত। 
ফোর সিজন বা বারোমাসি লংগান গাছের কলমের চারা সাধারণত ৩৫০ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে হয়ে থাকে। বড় আকারের ফলসহ রেডি চারা ও জিও ব্যাগসহ মূল্য দেড় হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এছাড়া গাছের মানভেদে দামের তারতম্য হয়। এর স্বাদ লিচুর মতো হলেও এটি অত্যন্ত মিষ্টি ও সুগন্ধি ফল। বছরে তিন থেকে চার বার ফল দেয়। এর ভিতরের বীজ খুব শক্ত, শাঁস পুরু ও রসালো হয়ে থাকে। টব বা ছাদে খব সহজে চাষ করা যায়। চারা লাগানোর অল্প সময়ের মধ্যে গাছে ফল ধরে। 
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এবং পশ্চিম বন বিভাগ। গত ১১ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা ১১ আগস্ট পর্যন্ত চলবে।
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোঃ জাকির হোসেন বলেন, শেষ মুহূর্তে মেলা জমে উঠেছে। ক্রেতা ও বৃক্ষপ্রেমিদের উপস্থিতিও বেড়েছে। আরো বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত ৬১ হাজার ১০৭টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য দাঁড়িয়েছে ৮৭ লাখ ৭২ হাজার ১৯০ টাকা। 
 

প্রিন্ট

আরও সংবাদ