খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

২৩ মাস ২৩ দিনে কুরআনের হাফেজ হলেন মুজাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৭:৪৪ পি.এম | ০৭ অগাস্ট ২০২৬


অদম্য ইচ্ছাশক্তি,কঠোর অধ্যবসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মাত্র ২৩ মাস ২৩ দিনে পবিত্র কুরআনুল কারিমের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আশাশুনি উপজেলার চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

হাফেজ মুজাহিদুল ইসলামের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার পল্লীমঙ্গল গ্রামে। তাঁর পিতার নাম মো. রবিউল ইসলাম গাজী। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার কুরআন হিফজ বিভাগের একজন নিয়মিত ছাত্র ছিলেন।

ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী মুজাহিদুল হিফজ শিক্ষায় অসাধারণ মেধা ও একাগ্রতার পরিচয় দেন। প্রতিদিনের নতুন সবক,পূর্বের পড়ার নিয়মিত পুনরাবৃত্তি (আমুখতা ও দাওর) এবং শিক্ষকদের নিবিড় তত্ত¡াবধানে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে যেতে থাকেন। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও আল্লাহর রহমতে অল্প সময়েই তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হন।

চাকলা হিফজুল কুরআন মডেল মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা এম. আব্দুল হালিম বলেন, কুরআনের হাফেজ তৈরি করা উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। মুজাহিদুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে,আন্তরিক প্রচেষ্টা, কঠোর অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা থাকলে অল্প সময়েও বড় অর্জন সম্ভব। মহান আল্লাহ তাকে কুরআনের আলোকে জীবন পরিচালনা এবং কুরআনের খেদমত করার তাওফিক দান করুন।

তিনি আরও জানান, এই মাদরাসায় কুরআন হিফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, ইসলামী আদর্শ, শৃঙ্খলা, আমল-আখলাক এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

মুজাহিদুল ইসলামের এই অনন্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করেন, ভবিষ্যতে তিনি একজন আদর্শ হাফেজ, আলেম ও দ্বীনের খাদেম হিসেবে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মাদরাসা কর্তৃপক্ষ সকলের কাছে মুজাহিদুল ইসলামের জন্য দোয়া কামনা করেছেন, যেন মহান আল্লাহ তাআলা তাকে আজীবন কুরআনের পথে অবিচল রাখেন, ইলম ও আমলে সমৃদ্ধ করেন এবং কুরআনের খেদমতের জন্য কবুল করে নেন। 

প্রিন্ট

আরও সংবাদ