খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

দিল্লিতে ভার্চ্যুয়ালে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত ছিল সরকারের : নাহিদ

খবর প্রতিবেদন |
০১:২১ এ.এম | ০৮ অগাস্ট ২০২৬


ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়াল মতবিনিময় বা সংবাদ সম্মেলন করার ঘটনায় বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত ছিল সরকারের।
শুক্রবার বিকেলে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শিরোনামে রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহŸায়ক। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াত ও এনসিপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম, দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। এটা যে হঠাৎ করে হয়ে গেছে, এ রকম নয়। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা এবং কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি এটা করার সুযোগ পাচ্ছে।’
এনসিপির আহŸায়ক অভিযোগ করেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। আপনি সংবাদ বিজ্ঞপ্তিতে-বক্তব্যে বড় বড় কথা বলছেন; কিন্তু কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এটা হওয়ারই কথা ছিল।’
ঘোষণা দিয়েই শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়েছে এবং এ ক্ষেত্রে ভারত সরকারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভারতের হাইকমিশনারকে ডাকা উচিত ছিল সরকারের। ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় সরকার কী বা কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, সেটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের সরকারি দলের বন্ধুরা বারবার জাতীয় ঐক্যের কথা বলেন; ফ্যাসিবাদের প্রশ্নেও তাঁরা নাকি আছেন! কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে, সংস্কার প্রশ্নে যে রকম তাঁরা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিচার প্রশ্নে এবং পতিত  স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপসকামী।’
তবে সরকার আপসকামী হলে জনগণ বসে থাকবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ১১-দলীয় ঐক্যের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পক্ষের সামাজিক-রাজনৈতিক শক্তিগুলো মিলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শক্তিকে প্রতিরোধ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ