খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে নারীসহ দুইজনের লাশ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ০৮ অগাস্ট ২০২৬


রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সখিনা বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সখিনা কামরাঙ্গীচরের ঝাউলাহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামীর নাম শহিদুল ইসলাম।
মৃত সখিনার মেয়ে শারমিন জানান, জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে তার মা সবার অগোচরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক বলেছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এদিকে, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক্যাল মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত সাব্বির নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
বিকেল ৫টার দিকে গেন্ডারিয়া থানার ডিস্টলারি রোড এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী আতাউর রহমান জানান, বিকেলে একটি ভবনে পানির ট্যাংকির কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৬টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ