খুলনা | সোমবার | ২৪ অগাস্ট ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩

খালিশপুরে গুণীজন সংবর্ধনায় কেসিসি প্রশাসক

খুলনার সাংস্কৃতিক অঙ্গণকে সমৃদ্ধ করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০৮ অগাস্ট ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন সংস্কৃতি সুন্দর মন তৈরি করে, আমাদের বাঁচতে শেখায়। খুলনা সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় এক সময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। সে কারণে খুলনার সাংস্কৃতিক অঙ্গণকে সমৃদ্ধ করতে আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
খালিশপুরস্থ সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পাঙ্গন একাডেমী যাতে সুন্দরভাবে পরিচালিত হয় এবং খুলনার সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সিটি কর্পোরেশন সম্ভব সকল প্রকার সহযোগিতা করবে বলে অনুষ্ঠানে প্রশাসক উল্লেখ করেন। 
খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি ল’ কলেজের অধ্যাপক এড. কুদরত-ই-খুদা, এড. ফজলে হালিম লিটন ও শিল্পাঙ্গণ একাডেমীর উপদেষ্টা নিজাম উর রহমান লালু। 
অনুষ্ঠানে শিক্ষায় মোঃ সাইফুল ইসলাম, গীতিকারে মোস্তফা নুরুজ্জামান, গবেষনায় এ এইচ এম জামাল উদ্দিন, আবৃত্তিকারে শরীফ উদ্দিন টিটু, সংগঠকে খন্দকার খলিলুর রহমান ও চারুকলায় মোঃ আলাউদ্দিন বিপ্লবকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও শিমুল আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক ও পরিচালক সঞ্জয় কুমার সাহা। 
পরে কেসিসি প্রশাসক দৌলতপুরস্থ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’ আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের খুলনা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, সাংবাদিক ও কবি শেখ আবু আসলাম বাবু, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন-খুলনার সহ-সভাপতি মোঃ শাহ নিয়াজ মাগদুম ও স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দার। প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ রোধে নগরজুড়ে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসক আজ নগরীর মিউনিসিপ্যাল ট্যাঙ্ক রোড ও সংলগ্ন পুকুর ও বাইলেন, গগনবাবু রোড, বাঁশপট্টি রোডের, রূপসা চর বস্তি, রূপসা খ্রিস্টান চর কলোনী, মুজগুন্নী জংশন রোড ও সংলগ্ন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, ২৯নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক মুকুল, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ