খুলনা | সোমবার | ১০ অগাস্ট ২০২৬ | ২৬ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:৪২ পি.এম | ০৯ অগাস্ট ২০২৬


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামের পরিস্থিতির তথ্য প্রকাশ করে আসছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৭৭৫ জন। সব মিলিয়ে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১২২, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৮৮ জন এসেছে। তাদের মধ্যে ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১২ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯১, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩৮ এবং রংপুরে ১৩ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের শরীরে।

প্রিন্ট

আরও সংবাদ