খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রথম সারির কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা প্রসারে বিশেষ অবদান রেখে চলেছে। তিনি স্কুলের প্রতিষ্ঠাতা খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারই আন্তরিক প্রচেষ্টায় নারী শিক্ষার এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা সম্ভব হয়েছিল।
গতকাল মঙ্গলবার সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ¯œাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৫ ও ২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানে খুলনা বিশ^বিদ্যালয়ের অধীনে ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স, ফ্যাশান ডিজাইন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল রিলেশনশিপ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। উল্লিখিত ৩টি বিষয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উইমেন্স কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। স্বাগত বক্তৃতা করেন ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন নাহার বেগম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন নাজিফা নূর এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন আয়শা সিদ্দিকা। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, কলেজ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ