খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

বিসিডিএস’র অবৈধ কমিটিকে বৈধতা দেওয়ার জন্য সিন্ডিকেটের পাঁয়তারা!

নিজস্ব প্রতিবেদক |
০২:১৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৬


আবারও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি-বিসিডিএস খুলনা জেলা শাখার কমিটি ঘিরে চলছে অস্থিরতা। অবৈধ কমিটির অপতৎপরতায় সাধারণ কেমিস্ট ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এমনকি সিন্ডিকেটের অপতৎপরতার কারনে সাধারণ কেমিস্ট ব্যসায়ীদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। গত সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিতর্কিত আহবায়ক কমিটির মেয়াদ অবৈধভাবে ফের ছয় মাস বাড়িয়ে নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ সদস্যরা। গতকাল মঙ্গলবার সমিতি কার্যালয়ে যেয়ে বিক্ষোভ করলেও সারাদিন কার্যালয়ে আসেননি দখলদাররা।
সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন করার জন্য গত ২৫ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারহানা ইসলাম বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রশাসক হিসেবে চারমাসের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি ১ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পর তিনি গত ১৫ জুলাই এক জরুরি নোটিশে জানান, বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির আসন্ন নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসকের পূর্ব অনুমতি ব্যতীত বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির প্রধান কার্যালয়সহ সমিতির আওতাধীন কোনো জেলা শাখা ও থানা উপ-শাখার কোনো অফিসে কোনো পক্ষ কর্তৃক যে কোন সভা, সমাবেশ নির্বাচনী প্রচারণা ও নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা নিষিদ্ধ থাকবে।
অন্যদিকে, প্রশাসক নিয়োগ হওয়ার পর ২২ জুন বিসিডিএস’র খুলনা জেলা শাখার আহবায়ক কমিটির কার্যক্রম বন্ধ হওয়ার কথা থাকলেও একটি সিন্ডিকেট অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ ঘিরে মঙ্গলবার সকালে বিসিডিএস খুলনার কার্যালয়ে সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করেন। এ ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। সাধারণ ব্যবসায়ীদের ভাবমূর্তি নিয়েও উঠেছে নানান প্রশ্ন।
সূত্রমতে, বাংলাদেশ কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। বাংলাদেশ কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতি এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর রপ্তানি উন্নয়ন ব্যুরোর যুগ্ম-সচিব মাহমুদুল হাসানকে সংগঠনটির প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে এবং উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির মেয়াদও চলতি বছরের ২৪ শে মে উত্তীর্ন হয়। এরপর বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে উপ-সচিব ফারহানা ইসলামকে ৪ মাসের জন্য বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি-এর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতিার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য নির্দেশনা দিলেও বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি জরুরি নোটিশে উপেক্ষা করে বিসিএসএস খুলনা জেলা শাখা অফিসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এসব বিষয়ে জানতে কেমিস্টস এ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার যুগ্ম-আহবায়ক খান সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিসিডিএস’র সাবেক কেন্দ্রীয় পরিচালক জিল­ুর রহমান জুয়েলসহ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ। অবিলম্বে বিসিডিএস খুলনা শাখার চরম অস্থিতির পরিস্থিতির অবসানে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চান সমিতির সকল সদস্য।

প্রিন্ট

আরও সংবাদ