খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

খবর প্রতিবেদন |
০২:৫৮ পি.এম | ১২ অগাস্ট ২০২৬


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) ডনের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে করা জামিন আবেদনে বলা হয়, মামলার এজাহার ও গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদনে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই দিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিষয়টি জানানো হলে তাকে হেফাজতে নেয় সিআইডি।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে এ নিয়ে হত্যা মামলা করা হয়। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্তে বিভিন্ন ব্যক্তির নাম উঠে এসেছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

প্রিন্ট

আরও সংবাদ