খুলনা | বুধবার | ১২ অগাস্ট ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের এমপি উঠতেই ভেঙে পড়ল কাঠের ব্রিজ, আহত ২

খবর প্রতিবেদন |
০৫:৪৭ পি.এম | ১২ অগাস্ট ২০২৬

 

নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে ভেঙে পড়ায় সংসদ সদস্য আব্দুস সাত্তারের সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হয়েছেন। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর ওপর স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে ছিলেন। পরে নিজেদের অর্থায়নে সেখানে একটি কাঠের ব্রিজ তৈরি করেন তারা। বুধবার নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শনে যান।

এ সময় সংসদ সদস্যসহ কয়েকজন ব্রিজের ওপর উঠলে অতিরিক্ত চাপের কারণে সেটির একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নিচে পড়ে যান। তাদের মধ্যে দুজন আহত হন। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ওপরে উঠেছিলেন। এ সময় লোকজন বেশি হওয়ায় হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।’

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে ব্রিজটি তৈরি করেছেন। বুধবার এমপি সেটি পরিদর্শনে গেলে ব্রিজটি ভেঙে পড়ে।

সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছেন। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন নিচে পড়ে তাদের জামাকাপড় ছিঁড়ে গেছে এবং দুজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে একটি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

ঘটনায় গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ