খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

কুয়েটের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ১৩ অগাস্ট ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট এর ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মজগুন্নি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম হামলার শিকার হন। হামলায় তিনি আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় ইতোমধ্যে খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আহত শিক্ষক প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের চিকিৎসার বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে সর্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, একজন সম্মানিত শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও অনাকাক্সিক্ষত হামলা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নিরাপত্তা বিঘিœত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। তাই এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ও নিন্দনীয় ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে কুয়েট প্রশাসন। কুয়েট প্রশাসন আশা প্রকাশ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলামের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

প্রিন্ট

আরও সংবাদ