খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

খবর প্রতিবেদন |
০৩:১৬ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬

 

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কার্যালয়ে জমা দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে নির্বাচন কার্যালয়ে এসে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সমর্থক হয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে আজ দুপুরে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়ার আগে বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এর পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণের জন্য সেদিন সংসদের বৈঠকও ডাকা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ