খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

যশোর কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৮ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬

 

যশোরের কেশবপুরে ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্যগুদামের সামনে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন।

নিহত ইয়াসিন আরাফাত (১৮) সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লি চিকিৎসক রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইয়াসিন আরাফাত মোটরসাইকেলে করে এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিল। উপজেলা খাদ্যগুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হলে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পথেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখে ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ইয়াসিনকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত ২০২৪ সালে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে তার এমন মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ