খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মা ও ভাইকে খুন করল ভারতীয় কিশোর

খবর প্রতিবেদন |
০৫:৩১ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬

 

আমেরিকার ম্যাসাচুসেট্‌সে মা এবং ভাইকে খুন করেছে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোর। বুধবার (১২ আগস্ট) তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গ্রেফতার করা কিশোরের নাম অর্জুন অরবিন্দ। সে অ্যাকটন-বক্সবোরো রিজিওনাল হাইস্কুলের ছাত্র। মা সুধা বেঙ্কটসন এবং ভাই সিদ্ধার্থকে খুনের অভিযোগ উঠেছে অর্জুনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট)। পুলিশ জানায়, ওই দিন অর্জুনদের বাড়িতে যান তার গৃহশিক্ষক। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গিয়েছিলেন তিনি। কিন্তু ডাকাডাকি করে কারও সাড়াশব্দ পাননি। তখন ওই গৃহশিক্ষক অর্জুনের বাবার সঙ্গে যোগাযোগ করেন।

তিনি জানান, বাড়িতে কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। গৃহশিক্ষকের কাছে ওই খবর পাওয়ার পরই অর্জুনের বাবা অ্যাকটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

সেই ফোন পেয়ে পুলিশ অর্জুনদের বাড়িতে পৌঁছায়। ঘরে ঢুকতেই তারা দেখে সুধা এবং সিদ্ধার্থ নিথর হয়ে পড়ে রয়েছেন।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ধারালো কোনও অস্ত্র দিয়ে দু’জনকে খুন করা হয়েছে। অর্জুনের সঙ্গে তার বাবা যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু যোগাযোগ করতে পারেননি।

বাড়ি থেকে উধাও সুধার গাড়িটিও। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে অর্জুনের ওপর। বাড়ি এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়।

অর্জুনকে তার মায়ের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় একটি ফুটেজে। তার পর থেকেই অর্জুনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে বুধবার সকালে অর্জুনকে গ্রেফতার করে তারা।

পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কীভাবে হত্যা করা যায় অনলাইনে তার খোঁজ চালিয়েছিল অর্জুন।

তার ডিজিটাল তথ্য ঘেঁটে এমনই জানা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। আর এখান থেকেই অর্জুনের প্রতি পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়।

কিন্তু কেন মা এবং ভাইকে খুন করল অর্জুন তা স্পষ্ট নয়। হত্যার নেপথ্য কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

প্রিন্ট

আরও সংবাদ