খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী

খবর প্রতিবেদন |
০৫:৫৪ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশের ওপর দিল্লির যে আগ্রাসী আকাঙ্খা সেটা পূরণ করার জন্যই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত শেখ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তারেক রহমান সরকার ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই তাকে বিচারের মুখোমুখি করার জন্য।’

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ভারত শেখ হাসিনাকে আত্মীয় মনে করে। কারণ শেখ হাসিনা ভারতের মন মতো সব করতেন। এদেশের সার্বভৌমত্বকে বিক্রি করেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ফেরাউন, নমরুদের ইতিহাস পড়েননি। তিনি নিজেকে ক্ষমতাশালী মনে করেছেন। তিনি আল্লাহর শক্তি, জনগণের শক্তিকে ভয় পাননি। সবশেষ তিনি সবশক্তির কাছে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। বিগত দিনে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়।’

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার বিচার বাস্তবায়ন দেখতে চাই। যিনি এত মানুষ হত্যা করেছেন, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন। রাজনীতি করবেন এটা যেন মামার বাড়ির আবদার।’

রিজভী বলেন, ‘যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তারা তাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। শেখ হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে।’

প্রিন্ট

আরও সংবাদ