খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

দাবি সংসদীয় কমিটির

গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না

খবর প্রতিবেদন |
১১:৫৮ পি.এম | ১৩ অগাস্ট ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে দাবি করা হয়েছে, গত ছয় মাসে পুলিশে লোক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি এবং পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হয়েছে।

বৈঠকটি বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে জানানো হয়, জাতীয় সংসদের সব সদস্য মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ 'জিরো টলারেন্স' নীতিতে বিশ্বাসী। মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করে বলা হয়, রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়া বিগত ছয় মাসের পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত নানা কার্যক্রম একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারী বিভাজন এবং ব্যয় পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আগামী ২০২৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩১,০৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট: ২৮,৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা। উন্নয়ন বাজেট: ২,৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির অন্যান্য সদস্য মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ