খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

সদর থানার ওসি’র পদত্যাগ দাবি

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৭ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতা-কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার  বিকাল ৫টার দিকে সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা সদর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে তারা সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করে। 
এ সময় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়  জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মঞ্জুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, ছাত্রদলের নেতৃত্বকে ভয়-ভীতি প্রদর্শন করে রাজনৈতিক কর্মকান্ডে বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কোনো অন্যায়-অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের কাছে ছাত্রদল মাথা নত করবে না।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত চিহ্নিত আসামিদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। একইসাথে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে সদর থানার ওসির অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সেক্রেটারি ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকুসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ