খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

মুচলেকা দিলো দুই পরিবার

তালায় প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

তালা প্রতিনিধি |
০১:৪১ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


বিয়ের আয়োজনের আগেই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল তালা উপজেলার ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ে। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন দুই পক্ষকে ডেকে এনে বিয়ের উদ্যোগে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ভবিষ্যতে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকারে কিশোরীর পরিবার ও প্রস্তাবিত বরের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উভয়পক্ষকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি শুনে বাল্যবিবাহের উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিশোরীর ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে কিংবা প্রস্তাবিত বরের সঙ্গে একসঙ্গে বসবাস না করার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের তপন দাশের ১৫ বছর বয়সী মেয়ে রিক্তা দাশের সঙ্গে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা দাশপাড়ার বাসুদেব কুমার দাশ (২৪)-এর বিয়ের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় উভয় পক্ষকে নোটিশ দেয়। পরে কিশোরী ও প্রস্তাবিত বরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার বিষয়ে উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বাল্যবিবাহের খবর পাওয়ার পর দুই পক্ষকে নোটিশ করা হয়। নির্ধারিত দিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
মুচলেকায় কিশোরীর বাবা তপন দাশ ভবিষ্যতে কোনো ধরনের বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গীকার করেন। একই সঙ্গে কিশোরীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তার অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ