খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:৪২ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


ঝিনাইদহে সামাজিক কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১২ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঝিনাইদহ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জাহিদ বিশ্বাস বলেন, সকালে আমার লোকজন যার যার বাড়িতে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা করে। পরে আমাদের লোকজন প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বেধে যায়। শাহাবুর রহমান বলেন, আমি বাড়িতে অবস্থান করছিলাম। হঠাৎ আমার কাছে খবর আসে সংঘর্ষ বেধেছে। আসলে কী নিয়ে এই সংঘর্ষ, তা সঠিকভাবে আমার জানা নেই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদউজ্জামান বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে ওই এলাকায়  দুই পক্ষের মাঝে উত্তেজনা চলছিলো। সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ