খুলনা | শুক্রবার | ১৪ অগাস্ট ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩

ফুলতলায় স্ত্রীর ওড়নায় গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি |
০১:৪২ এ.এম | ১৪ অগাস্ট ২০২৬


স্ত্রী বিথী খাতুনের উপর অভিমান করে স্বামী আবিদ হোসেন (২৮) ঘরের ডাবার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১০টায় ফুলতলা এম এম কলেজ মেইন গেটের সামনে তাদের নিজ বাড়িতে। 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিলডাকাতিয়ার মৎস্য ঘের মালিক আবির বন্ধুদের সাথে মাঝে মধ্যে মাদক সেবন করত। এতে তার স্ত্রী বিথী খাতুন বাধা দিলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই সূত্র ধরে বুধবার সকাল ১০টায় বিথী তার তিন বছরের শিশু পুত্রকে নিয়ে ফুলতলা বাজারস্থ তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন। রাত ১০টার দিকে আবিদ হোসেন ঘরের ডাবার সাথে বিথীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এদিকে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুই যুবক মোটরসাইকেল যোগে তাদের বাড়িতে আসে। সেখানে আবিদের সাথে আধাঘন্টার মতো সময় অতিবাহিত করে চলে যায় বলে ওই বাড়ির ভাড়াটিয়াদের বরাত দিয়ে পারিবারিক সূত্র জানিয়েছে। তার মৃত্যুর রহস্যের সাথে ওই দুই যুবকের কোন যোগসূত্রতা আছে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। পরে সুরতহাল রিপোর্ট শেষে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পোষ্টমার্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে থানার এসআই বিশ্বজিৎ পাল জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে লাশের পোষ্টমার্টেম শেষে তাদের গ্রামের বাড়ি পিপরাইল পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রিন্ট

আরও সংবাদ