খুলনা | শনিবার | ১৫ অগাস্ট ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩

যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী |
০৬:৩০ পি.এম | ১৪ অগাস্ট ২০২৬


যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই হাসপাতালটি শুরু করেছিলেন। কিন্তু হাসপাতালটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছি। একই সাথে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে  যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজ আয়োজিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন উপলক্ষ্যে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও আর্ট গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাইকে সর্তক থাকতে হবে।

এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনের শিল্পকর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০ টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

বিকালে প্রতিমন্ত্রী যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে  সরকারি-বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ