খুলনা | শনিবার | ১৫ অগাস্ট ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ঝিনাইদহ প্রতিনিধি |
০৭:২৬ পি.এম | ১৪ অগাস্ট ২০২৬


ঝিনাইদহে মাদক কেনার টাকা না পেয়ে মাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে ইখলাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম সখের বানু (৫৬)।
শুক্রবার ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের জেকোর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ইখলাস উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে মা সখের বানুকে ভাত দেওয়ার জন্য তার ঘরে প্রবেশ করেন তার ছোট ছেলের স্ত্রী। এ সময় শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে  গৃহবধূ চিৎকার করে ওঠেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সখের বানুকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছেন। মাদক কেনার টাকা চাওয়া নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও টাকার জন্য তার মাকে গালিগালাজ করেন ইখলাস। আটক হওয়ার পরে ইখলাস প্রাথমিক ভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।

মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ