খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী |
০৫:২৮ পি.এম | ১৫ অগাস্ট ২০২৬


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দীর্ঘদিন পর যশোর ইনস্টিটিউটের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হয়েছে। বিগত সময়ে যশোর ইনস্টিটিউটের সাথে শহরের সকল শিক্ষিত পরিবারের সম্পৃক্ততা ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বই পড়তে আসতেন।

তিনি আজ (শনিবার) দুপুরে যশোর ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অতিমাত্রায় ডিজিটাল ডিভাইসয়ে ওপর নির্ভরশীল হয়ে পড়ায় সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বই পড়ার অভ্যাস গড়তে সরকার বিশ্ব সাহিত্যের সাথে নতুন কর্মসূচি গ্রহণ করেছে।  তিনি আরও বলেন, ছেলেমেয়েদের মধ্যে যদি পাঠাভ্যাস গড়ে তোলা যায়, তাহলে এর ইতিবাচক প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান হবে। ইনিস্টিটিউটের সংস্কারের  জন্য  সরকার ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।  যশোর ইনস্টিটিউটে বইয়ের ভালো কালেকশন রয়েছে। এগুলো পড়ার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খোকন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ