খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে নাশকতার মামলায় সাবেক এমপিসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক |
০৫:৪৫ পি.এম | ১৫ অগাস্ট ২০২৬


ঝিনাইদহে নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।

ওসি জানান, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রিন্ট

আরও সংবাদ