খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

খবর প্রতিবেদন |
১১:৫১ পি.এম | ১৫ অগাস্ট ২০২৬

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে আজ শনিবার বিকেলে বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলা হয়েছে। তিনি উপজেলার ধানগড়া বাজারে একটি সভায় অংশ নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। হামলায় সংসদ সদস্যের গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তবে আয়নুল হক অক্ষত আছেন বলে জানিয়েছে পুলিশ।

আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে হামলার জন্য জামায়াত-এনসিপিকে দায়ী করেন। তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের দাবি জানান।

এ খবর ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলা হয়।

‘বিকালে ৫টার দিকে মূলত কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে এটা নিয়ে আলোচনা সভা শুরু হয়। যেখানে অনেকেই এটাকে ধানগড়াতে চান, আবার কেউ চাইছেন চান্দাইকোনাতে। এরপর সবার কথা শোনার পরে সভায় এমপি বললেন, আমি একটা কমিটি করে দিব। সেই কমিটি সুপারিশ করবে এটা কোথায় করলে ভালো হয়,’ বলছিলেন বিএনপি নেতা রেজাউল করিম।

রেজাউল যোগ করেন, এমপি এটা বলার পরে একটা গ্রুপ দাবি করবেন প্রতিষ্ঠানটি যে ধানপগড়াতেই হবে সেই ঘোষণা দিয়ে যেতে হবে। এমপি তখন সেই ঘোষণা না দিয়ে সভা শেষ করে আসতে চাইলে জামায়াত-শিবির ও এনসিপির দেড় থেকে দুইশ নেতাকর্মী তাকে উদ্দেশ্য করে হামলা করেন। এসময় তার গাড়ির কাচ ভেঙে যায়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা  বলেন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হবে এটা নিয়ে এমপির আজকের ওই আলোচনা সভায় আমাদের একজন নেতা ছাড়া আর কেউই ছিলেন না। আমি নিজেও ছিলাম না।

হামলার সঙ্গে জামায়াত-শিবির বা এনসিপি জড়িত নয় দাবি করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি একপক্ষ চায় ধানগড়া এলাকায় হোক, আর এমপি সাহেবসহ অনেকেই চান উপজেলার চান্দাইকোনা এলাকায় হোক। এটি নিয়েই আজ তারা আলোচনা সভায় বসেছিলেন। সেখানে জামায়াতের একজন ব্যাতিত দ্বিতীয় কেউ ছিলেন না। হয়তো যারা প্রতিষ্ঠানটি ধানগড়া এলাকায় চান তারা এই হামলাটি করতে পারেন। তার মধ্যে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষও থাকতে পারেন। কিন্তু এখন এর দায় আমাদের ওপরে চাপানো হচ্ছে, যেটা সত্য নয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপি আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।  

এদিকে সংসদ সদস্য আয়নুল হক তাঁর গাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান আজ রাত নয়টার দিকে মুঠোফোনে বলেন, সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ