খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ১ ভাদ্র ১৪৩৩

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন খরচ ৬ হাজার কোটি : প্রতিমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ১৬ অগাস্ট ২০২৬


চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট সংসদে অনুমোদিত হয়েছে, তার মধ্যেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের মধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে।’
এদিকে শ্রীমঙ্গল পৌরসভার স¤প্রসারণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব দ্রুত পৌরসভা বর্ধিতকরণের অনুমোদন দেওয়া হবে। শ্রীমঙ্গলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জন্য প্রায় ১ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দের মধ্যে শ্রীমঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, পর্যটন এলাকার সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।
পরে শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শহর থেকে কিছুটা দূরে পরিবেশবান্ধব স্থানে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া হবে। সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও বিবেচনা করা হবে।
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দেশের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র হিসেবে শ্রীমঙ্গলে সারা বছর হাজার হাজার পর্যটক আসেন। পর্যটনকেন্দ্রিক চলমান উন্নয়ন ও নতুন প্রকল্প নেওয়ার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।
এ সময় তিনি শ্রীমঙ্গল পৌরসভার হরিজন স¤প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্পের কাজও পরিদর্শন করেন। পর্যায়ক্রমে সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি।এর আগে ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহবায়ক নূরে আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ