খুলনা | রবিবার | ১৬ অগাস্ট ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩

কেসিসি’র উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ১৬ অগাস্ট ২০২৬


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে সরকার গঠন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে স্বল্প সময়ে একটি সম্পদশালী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যান।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার বাদ আসর কেসিসি পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স-এ আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে এ কথা বলেন। দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী পালন উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেসিসি প্রশাসক দেশের এই মহীয়সীর জন্মবার্ষিকীতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আরো বলেন, তারই প্রিয় সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করছেন। তিনি মহান রাব্বুল আল-আমিনের কাছে প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টার সফলতা কামনা করেন। মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইমরান উল্লাহ। 
খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বনি, সমাজসেবক জাফরুল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মোঃ আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ